
জাপানের পূর্বাঞ্চলে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচারে এসব ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৪ দশমিক ৮ বলে জানানো হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে চিবা প্রিফেকচারের আসাহি শহরে এই কম্পনের তীব্রতা ছিল ৪। পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়।
প্রথম ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে এর তীব্রতা ছিল ৩।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটিই সুনামি সৃষ্টি করেনি।
সাম্প্রতিক সময়ে জাপানে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবা এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে আঘাত হানে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প।
এ ছাড়া গত ২৩ আগস্ট ওই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হন।




