
লালমনিরহাটের মোগলহাট ও আশপাশের এলাকা নদীভাঙনের কবল থেকে রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, মোগলহাট ও আশপাশের ভাঙনকবলিত এলাকা রক্ষায় ধরলা নদীর তীর সংরক্ষণে প্রায় ৩০০ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। দক্ষিণ সীমানা থেকে কুড়িগ্রাম সীমান্ত পর্যন্ত বিস্তৃত এ প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে।
মোগলহাট শুল্ক স্টেশন ও বন্দর পুনরায় চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে সঙ্গে নিয়ে শিগগিরই মোগলহাট পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। বন্দরটি পুনরায় সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
মোগলহাটকে অপরাধ, মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে ত্রাণমন্ত্রী লালমনিরহাটের বিজিবি ক্যান্টিন মোড়ে ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




