
কুমিল্লার ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সুমন নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে।
এদিকে স্থানীয় কয়েকজন সিএনজিচালকের বরাতে জানা গেছে, অভিযুক্ত সুমন মাদকাসক্ত ও বখাটে স্বভাবের ছিলেন। তবে এই হত্যাকাণ্ডে তার সরাসরি কতটুকু সংশ্লিষ্টতা রয়েছে, তা পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বিভিন্ন সংবাদের ভিত্তিতে সিএনজি চালক সুমনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পরই ঘটনার মূল কারণ জানা যাবে।




