
দুপুরের রোদে নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে একে একে খুলে ফেললেন সরকারি স্টিকার। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেস ক্লাবে পদত্যাগের ঘোষণা দিতে যাওয়ার আগে গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো সরিয়ে ফেলেন।
গণমাধ্যমকে তিনি বলেন, দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছেন। 'বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে,' যোগ করেন তিনি। এছাড়াও তিনি বলেন, 'আমরা একটা স্বাধীন রাষ্ট্র হয়ে উঠি ,একটি মুসলমান রাষ্ট্র হয়ে উঠি তা অনেকেই চায়না'।
গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান ইশরাক ও তাঁর সহযোগীরা। ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে মাদকাসক্ত ও বিক্রেতাদের তাড়া করছেন তিনি। এরপর তীব্র সমালোচনা শুরু হয়।
সমালোচনার মুখে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী ব্যাখ্যা দেন, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা পেয়েছিলেন। মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে, এমন আশঙ্কাও জানানো হয়েছিল। তাই সুনির্দিষ্ট হামলার আশঙ্কা ও জানমালের নিরাপত্তায় তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন।
ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবর প্রকাশ হয়। তাৎক্ষণিক বিবৃতিতে ইশরাক এ সংবাদকে 'সর্বৈব মিথ্যা' বলেন। কিন্তু সোমবার সকালেই জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।




