
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ভোট নিয়ে সামান্যতম শঙ্কা তৈরি হলেও তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর করবে না। দলটি নিজস্ব অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আড়াই হাজার জনকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। তাদের কারও বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ না থাকলে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, অন্যায়ভাবে যদি একজনকেও নিয়োগ থেকে বাদ দেওয়া হয়, তাহলে এনসিপি তার পক্ষে লড়বে।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ওই বক্তব্যে দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বিষয়গুলো যথাযথভাবে উঠে আসেনি। বরং সেখানে এমন কিছু দলীয় এজেন্ডাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলো ইতোমধ্যে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের বিষয়টিও প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেননি।
রোহিঙ্গা সংকটের সমাধানে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও জাতিসংঘে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণও সেখানে তুলে ধরা হয়নি বলে দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে বললে কীভাবে এর সমাধান হবে, সেটি বলেননি। তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটিও তিনি বলতে পারেননি।’
নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণহত্যার বিষয়ও তিনি তুলে ধরতে পারেননি। জাতিসংঘে বাংলাদেশের কী অর্জন হয়েছে, সেটিও জনগণের কাছে স্পষ্ট নয়।




