
রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।
ডিএসসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ নেতৃত্বে ওয়ার্ডভিত্তিক এ অভিযান পরিচালিত হয়।
শনিবার সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন সপ্তাহের সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে। অন্যদিকে নাগরিক সমাজ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গু কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সরকারি আবাসিক এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখতে গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ডিএসসিসি জানায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রতি শনিবার সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ ‘ক্লিনিং ডে’ পরিচালনা করা হচ্ছে। কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার এবং নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবারের অভিযানে ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি চালানো হয়। বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ সময় পানি জমতে পারে এমন ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত টায়ার ও ফুলের টবসহ বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। পাশাপাশি লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং প্রয়োগের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হয়।
নগরবাসীকে সম্পৃক্ত করতে ৭৫টি ওয়ার্ডেই একযোগে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। এতে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন। র্যালি থেকে বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।




