দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন।
সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও এ ভাষণ সম্প্রচার করবে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।
৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মাধ্যমে ২০ বছর পর সরকার গঠন করল বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মঙ্গলবার বিকেলে বিএনপির সরকার গঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়।
মন্তব্য করুন








