বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স (সাবেক টুইটার)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর পরই হঠাৎ করে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে যান। বারবার লগইন করার চেষ্টা করেও ব্যর্থ হন। কেউ কেউ লগইন করতে পারলেও ব্রাউজিং করতে পারছিলেন না নিউজফিড।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা লগ ইন করতে, ফিড রিফ্রেশ করতে ও পোস্ট দিতে সমস্যার কথা জানান। বাংলাদেশের প্রায় ৭৪ জন ব্যবহারকারী অভিযোগ করেছেন। এর মধ্যে ৭৩ শতাংশ ওয়েবসাইট এবং ২৭ শতাংশ লগইনের সমস্যার সম্মুখীন হয়েছেন।
ভারতে প্রায় ৩ হাজার ৩৫৭ ব্যবহারকারী অভিযোগ করেন; এর মধ্যে ৪৬ শতাংশ ওয়েবসাইট, ৪৫ শতাংশ অ্যাপ এবং ৯ শতাংশ ফিড রিফ্রেশ সংক্রান্ত সমস্যার কথা বলেন। এদিকে পাকিস্তানের প্রায় ২৬৬ জন অভিযোগ করেছেন। তাদের মধ্যে ৬৮ শতাংশ অ্যাপ, ২২ শতাংশ ওয়েবসাইট এবং ১০ শতাংশ ফিড রিফ্রেশ করতে ও পোস্ট করতে সমস্যায় পড়েন।
বিভ্রাটের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীরাও। ডাউনডিটেক্টরের মতে, যুক্তরাজ্যে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রিপোর্টের সংখ্যা সর্বোচ্চে পৌঁছে ১০ হাজার ৯৫৮ জনে দাঁড়ায়। এর মধ্যে ৫৬ শতাংশ অ্যাপ, ২১ শতাংশ টাইমলাইন ও ১৭ শতাংশ ওয়েবসাইট সমস্যার কথা জানান। একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রায় ৪১ হাজার ৩৬৯টি রিপোর্ট আসে। তাদের সিংহভাগই এক্স অ্যাপ্লিকেশন নিয়ে সমস্যার কথা জানান।
প্রায় এক ঘণ্টার মধ্যে অন্তত ২ লাখ ব্যবহারকারী এক্সের বিভ্রাট নিয়ে অভিযোগ করেছেন। পরে এক্স আংশিক স্বাভাবিক হলেও কোম্পানির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত মাসেও হাজার হাজার ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানিয়েছিলেন। সেসময় প্রায় ২ লাখ রিপোর্ট জমা পড়েছিল। ভ্যারাইটি জানায়, অধিকাংশ সমস্যা (৫৬ শতাংশ) ছিল অ্যাপ সংক্রান্ত, ৩৩ শতাংশ ওয়েবসাইট এবং ১০ শতাংশ সার্ভার সংযোগ নিয়ে।
সূত্র: ফোর্বস, দ্য হিন্দু, সাবা নিউজ