
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার ও অভিযোগের পেছনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও সেবাপ্রত্যাশীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অভিযোগের পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম একজন সৎ ও ন্যায়পরায়ণ কর্মকর্তা। তিনি এই এলাকায় যোগদানের পর থেকে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা পেয়ে আসছেন। কিন্তু কতিপয় ব্যক্তি নিজেদের অবৈধ সুবিধা হাসিল করতে না পেরে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
বক্তারা আরও বলেন, একজন সৎ কর্মকর্তাকে মানসিকভাবে হেনস্তা করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করতে হবে।
দুলালকান্দি বাজার পরিচালনা কমিটির সহসভাপতি সার্জেন্ট হারুন অর রশিদ বলেন, “ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।”
দুলালকান্দি বাজার পরিচালনা কমিটির সভাপতি লিলু মিয়া বলেন, “তিনি এখানে যোগদানের পর থেকে ভূমিসেবার মান বেড়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। উক্ত অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
এ সময় বিএনপি কর্মী রফিকুল ইসলাম রানা, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার গোলাম অহিদুল ইসলাম চিশতিসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।




