
ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে ‘ভালুকা উপজেলা কাপ’ প্রমীলাদলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে শামলাশাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শামলাশাহ বালিকা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা দেখতে মাঠে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভালুকার শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
খেলায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ খালেক পাঠানসহ উভয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



