
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই, সড়কে যানবাহন চলাচলসহ উপজেলার সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।




