
নেত্রকোনার কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মতিউর রহমান।
সভায় উপজেলার মোট ৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা উদযাপন কমিটির দায়িত্ব এবং পূজা চলাকালীন করণীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সভায় পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও ব্যবহার, পর্যাপ্ত আলোকসজ্জা, দর্শনার্থীদের নিরাপত্তা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন সম্প্রীতিরও প্রতীক। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আমির সাদেকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনীল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দুয়ার প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।




