
নেত্রকোণার কেন্দুয়ায় কীটনাশক (বিষ) পানে হামিদা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের উত্তর রাজনগর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত হামিদা আক্তারের স্বামী মো. কাশেম আলী (৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে স্ত্রী হামিদার বনিবনার হচ্ছিলনা। প্রায়ই পারিবারিক কলহ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতের শেষ দিকে তিনি কীটনাশক পান করেন। পরে তাঁর মৃত্যু হয়।
আরো জানা যায়, গত শনিবার দুপুরে ঢাকায় বসবাসরত মেয়ের বাসা থেকে কেন্দুয়ায় ফেরেন হামিদা আক্তার। ওই রাতেই এ ঘটনা ঘটে। তাঁর দুই মেয়ে রয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।




