
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে খাগড়াছড়ির মানিকছড়িতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংকের মানিকছড়ি উপশাখার উদ্যোগে র্যালি ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির শুরুতে মানিকছড়ি উপশাখার সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাজার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পূবালী ব্যাংক পিএলসির মানিকছড়ি উপশাখা ব্যবস্থাপক ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে ও কর্মকর্তা মো. আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার অঞ্চলপ্রধান এ.কে.এম মাসুদ। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপনা মো. ইকবাল হোসেন, মাটিরাঙ্গা উপশাখা ব্যবস্থাপক মো. হালিমুর রশিদ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাজার পরিচালনা কমিটির সহসভাপতি রুপেন পাল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু।
কর্মসূচিতে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু হলে অর্থ লেনদেনে সময় কমার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতাও বাড়বে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে এবং নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন।
বক্তারা আরও বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ প্রযুক্তিনির্ভর নানা সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন।
ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসময় উপশাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




