
গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবা কার্যক্রম বেগবান করতে পোশাকসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, "তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি সেবা পৌঁছে দিতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের দেওয়া এসব সরঞ্জাম তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।"
এছাড়াও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন তার বক্তব্যে গ্রাম পুলিশের সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত গ্রাম পুলিশের সদস্যদের হাতে নতুন পোশাক (ইউনিফর্ম), জুতা, বেল্ট, টর্চলাইট ও লাঠিসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম তুলে দেন অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।




