
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহন একটি বাসে আগুন দেয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সুত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৬ নং ওয়ার্ডে গোদনাইল এসও ঈদগাহ মাঠের পাশে সড়কে পার্কিং করে রাখা বাসে আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো ওই দিন রাতে বাসটির চালক ও হেলপার ঈদগাহ মাঠের পাশে সড়কে বাসটি পার্কিং করে চলে যান। পরে বাসটির মালিক ও মামলার বাদী মোঃ আল আমিন জানতে পারেন একদল লোক বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে পরে আগুন ধরিয়ে দেয়।
মামলার বাদী মোঃ আল আমিন ও তার ব্যবসায়িক অংশীদার আতিকুর রহমান সাথে নীলাচল পরিবহন একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৫-৩৪৭১) পরিচালনা করেন। আগুনে পুড়ে যাওয়া বাসটির আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় তাতী লীগের সভাপতি মোঃ লিটনের নেতৃত্বে অন্য আসামীরা জড়িত বলে জানতে পারেন বাদী।
এজহারে লিটন ছাড়া অন্যান্য আসামীরা হচ্ছেন আসাদুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ, জামান, রাকিব, সিয়াম হোসেন, মুন্না, পাভেল, আনোয়ার হোসেন, মোস্তফা হোসেন, জসিম উদ্দিন, সাইফুদ্দিন আবদুল, মাসুম বিল্লাহ, আবু কালাম আবু, আরিফ হোসেন ও স্বপনসহ ১৮ জনের নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে ইন্সেপেক্টর (তদন্ত) মজিবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, নৈরাজ্য ও নাশকতার অভিযোগে জড়িতদের আইনের আওতায় আনা হবে।




