
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ ও আনোয়ার হোসেন।
এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না এবং জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ অন্যান্যরা।
কর্মসূচির শুরুতে বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।




