
লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজারের গোডাউন রোড ও দালাল বাজার এলাকায় সার, বীজ ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে কৃষি বিপণন লাইসেন্স না থাকা, কীটনাশক বিক্রির যথাযথ রেজিস্টার সংরক্ষণ না করা, বীজ ও কীটনাশক সঠিকভাবে সংরক্ষণ না করা এবং উন্মুক্ত স্থানে সার ফেলে রাখার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬, বীজ আইন, ২০১৮ এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে সহকারী কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, কৃষি উপকরণের সঠিক সংরক্ষণ, বিপণন ও ভোক্তা স্বার্থ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




