
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের সড়কবাজার এলাকা প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহদাত হোসেন লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছে। রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছে। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। একটি দল মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় এসে জড়ো হন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল, বিএনপির নেতা মোঃ মন্তাজ মিয়া,শফিকুল আলম তুরান,পৌর বিএনপির নেতা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন, যুবদল নেতা জাবেদ আহমেদ খান,প্রবাসী বিএনপি নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।




