
মাদারীপুরের কালকিনিতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালিত হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে ভিডিপি সদস্যদের মাধ্যমে পৌরসভা, চর দৌলতখান ও আলীনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৮৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিয়ে তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হামজাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রবিউল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপির দলনেতা ও সদস্য-সদস্যাবৃন্দ।
উদ্বোধন শেষে গাছের চারা সঠিক স্থানে রোপণ এবং তা টিকিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



