
'সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন' এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে পালিত হলো বিশ্ব বসতি দিবস।
দিবসটি পালনে সোমবার সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুজহাত তাসনীম আওন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউজ্জামানসহ আরো অনেকে।
নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন, “সবার জন্য নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিকল্পিত নগরায়ন শুধু মানুষের আবাসনের সুযোগ সৃষ্টি করে না, বরং একটি এলাকার পরিবেশ, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, নীলফামারীর উন্নয়ন ও নগরায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত খোলা স্থান, সড়ক যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
একই সঙ্গে অপরিকল্পিতভাবে বসতি ও স্থাপনা নির্মাণের প্রবণতা রোধ করে পরিকল্পিত ও টেকসই নগরায়নে সবাইকে সচেতন হতে হবে। বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য ‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ বাস্তবায়নে আমরা নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখব-এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।”




