
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে খুলনার ডুমুরিয়ায় জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৬ দশমিক ১৫ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার খর্ণিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খর্ণিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোসলেম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা হেকমত আলী, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী পলাশ কুমার সেন, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান এবং ইউপি সদস্য শেখ রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রয়ে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এসময় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া, আটলিয়া, শোভনা, শরাফপুর, সাহস, ভান্ডারপাড়া, ডুমুরিয়া ও মাগুরখালী ইউনিয়নের মোট ৬৪৬ জন নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে এবং জেলেদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে। সে লক্ষ্যেই সরকারের নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।




