
দামুড়হুদায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় দামুড়হুদা উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা সহকারী (ভুমি) কমিশনার সাজ্জাদ হোসেন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আলোচনা করা হয়। শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে প্রশাসনের
পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা। পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় মদ পান ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে আজান-নামাজের সময় উচ্চ শব্দে ডিজে গান ও অশ্লীল গান-বাজনা বন্ধ রাখা। প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারার ব্যবস্থা থাকবে। পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারি এবং টহল জোরদার করা হবে।
প্রধান অতিথি বলেন, এই উৎসবকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক অপতৎপরতা বরদাশত করা হবে না। সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এসময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




