
পড়াশোনার পথে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ফরিদপুরের বোয়ালমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে পিংক রঙের বাইসাইকেল। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মেধা বিকাশের সুযোগ বাড়াতে উদ্বোধন করা হয়েছে উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’। ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিলো আনন্দ-উচ্ছ্বাস।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে পিংক রঙের বাইসাইকেল বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত সহজ করার পাশাপাশি পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ উদ্যোগ ভূমিকা রাখবে। একই সঙ্গে ‘অ্যাথেনিয়াম’ লাইব্রেরি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জ্ঞানচর্চার সুযোগ তৈরি করবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, “নজরুল বর্ষে” লাইব্রেরিটি উদ্বোধন করা হয়েছে। এ পাঠাগারে ছোট-বড় সবাই জ্ঞানচর্চা ও মেধা বিকাশের সুযোগ পাবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের চলাচল সহজ করতে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পিংক রঙের বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষা উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চার বিকল্প নেই।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’ ভবিষ্যতে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা।




