
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু।
একই চিঠিতে ভালুকার আরও দুই ছাত্রনেতাকে জেলা শাখার বিভিন্ন পদমর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নির্দেশনায় দেওয়া এক চিঠিতে মাহমুদুল হাসান বাবুকে এ দায়িত্ব প্রদান করা হয়।
স্থানীয় ছাত্রদল নেতাদের ভাষ্য, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং নেতৃত্বের অভিজ্ঞতার কারণে বাবু ভালুকার ছাত্রদলের নেতাকর্মীদের কাছে পরিচিত। নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহমুদুল হাসান বাবু বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখে নতুন দায়িত্ব দিয়েছে, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”
একই চিঠিতে ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ পাঠানকে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে সহসভাপতি পদমর্যাদায় এবং ভালুকা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদ আল হাসান (মৃদুল)কে জেলা শাখার সদস্য হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত তিন ছাত্রনেতাকে ঘিরে ভালুকার ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সমন্বিত হবে।



