ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শালিখায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
মাগুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫শ নারী-পুরুষ
মাগুরায় মাদক কারবারির ছুরিকাঘাতে এএসআই আহত, আটক ১
মাগুরায় মাদক কারবারির ছুরিকাঘাতে এএসআই আহত, আটক ১
মাগুরার শালিখায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।  এ ঘটনায় অপু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলে তাদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর এলাকায় আলেকের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শালিখা থানা পুলিশের একটি দল হরিশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অপু নামে এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে এএসআই রাকিবুল ইসলাম তাকে জাপটে ধরলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় অপু ছুরি দিয়ে রাকিবুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে অপুকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত এএসআই রাকিবুল ইসলামকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অপু নামে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাগুরায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মাগুরায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ 
মাগুরায় বিশ্ব শিক্ষক পালিত
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: নিতাই রায় চৌধুরী
এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা!

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে। অস্বাভাবিক এ বিল দেখে হতবাক গ্রাহক ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর ২০২৬ মাসে এ বিল আসে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। বিলের কপি অনুযায়ী, এক মাসে ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। এই বিদ্যুত খরচের বিপরীতে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট। মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ তা বেড়ে দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। প্রকৃতপক্ষে, ২৩৫ ইউনিট বিদ্যুতের বিপরীতে গ্রাহকের বিল হওয়ার কথা মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ যার পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা। গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর। বিলটিতে গ্রাহকের শ্রেণি উল্লেখ করা হয়েছে ‘এলটি-এ (আবাসিক)’। গ্রাহক মোছা. আলেয়া খাতুন বলেন, ‘এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে গ্রাহকের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার হওয়া জরুরি।’ এ বিষয়ে শালিখা উপজেলার চুকিনগরে অবস্থিত মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসে গিয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘গ্রাহকের মিটার পরিবর্তন হওয়ার কারণে ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় এই অস্বাভাবিক বিলটি তৈরি হয়েছে। বিলটি সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। একই সঙ্গে এই দায়িত্বহীন ভুলের পেছনে যাঁদের সম্পৃক্ততা রয়েছে, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম বলেন, ‘টাইপিং মিসটেকের কারণে এমনটি হয়েছে। আজ বিলটি সংশোধন করে দেয়া হয়েছে উক্ত গ্রাহক বিলও পরিশোধ করেছেন। এ ভুলের সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’  

গোপন মিটিং: যৌথ অভিযানে ছাত্রলীগ নেতা আটক

মাগুরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. রায়হান ইসলাম সাগর গোপন মিটিং করার সময় যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়েছে। পরে যৌথ বাহিনী তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি বিনোদপুর ডিগ্রি কলেজ শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন রায়হান ইসলাম সাগরকে আটকের খবর নিশ্চিৎ করেন।  জানা যায়, চব্বিশের ৫ আগস্টের পর সাগর পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন।  পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে জানায়নি পুলিশ।

শ্রীপুরে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে  

মাগুরার শ্রীপুরে রাব্বি মন্ডল (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মন্ডল ওই গ্রামের বাসিন্দা।  পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের মধ্যে তাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার (২৭) জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ফারজানা বাবার বাড়ি শ্রীপুরের আমতৈল গ্রামে পালিয়ে গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।   খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ফারজানা আক্তারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।   মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলি মিয়া জানান,শ্রীপুর উপজেলার  টিকারবেলা গ্রামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। খবর পাওয়ার পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

স্বামী ‘সংসারে উদাসীন’, তাই কু'পিয়ে হ'ত্যা করলেন অন্তঃসত্ত্বা স্ত্রী!

মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রব্বি মন্ডলকে (৩৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফারজানা বেগমের (২৭) বিরুদ্ধে।  আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের বাবার বাড়ি থেকে ফারজানাকে গ্রেফতার করেছে পুলিশ। রব্বি মন্ডল পেশায় বালু ব্যবসায়ী ছিলেন। তিনি আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের নজরুল ইসলাম মন্ডলের ছেলে। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে ফারজানা দাবি করেছেন, সংসারের প্রতি স্বামীর উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে আমলসার গ্রামের ফায়জার রহমানের মেয়ে ফারজানার সঙ্গে রব্বির বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সি একটি মেয়ে রয়েছে। প্রায় দুবছর আগে রব্বি বাড়ির অদূরে পশ্চিম রাজাপুর গ্রামে আলাদা বাড়ি করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস শুরু করেন। স্থানীয়দের ভাষ্য, ফারজানা বর্তমানে অন্তঃসত্ত্বা এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত। রব্বির মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় তিনি অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। অসুস্থ স্ত্রী-সন্তানের যত্ন না নেওয়ায় রাব্বির প্রতি ফারজানার ক্ষোভ ছিল।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে থাকার পর শুক্রবার ভোরে রব্বি ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় ফারজানা ধারালো দা দিয়ে তাকে হত্যা করে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে নিয়ে তিনি বাবার বাড়ি আমতৈল গ্রামে চলে যান। সেখানে রক্তমাখা অবস্থায় ফারজানাকে দেখে তার বাবা ফায়জার রহমান ফোনে রব্বির বাবা নজরুল ইসলামকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রব্বির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে তার শ্বশুরবাড়ি থেকে ফারজানাকে গ্রেফতার করা হয়। 

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।   বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুরপাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।   মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।   সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে থাকার ঘোষণা দেন।   এ সময় মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাগুরার শ্রীপুরে বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা  

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত নাকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সার, কীটনাশক, বীজ, মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।   অভিযানে নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকা দামের এক বস্তা ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।   এ ছাড়া বেশি দামে সার বিক্রির কোনো ভাউচার দেওয়া হচ্ছিল না এবং বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হয়নি। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজ পণ্য প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির প্রমাণও পাওয়া যায়।   এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।   অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অফিস, মাগুরার আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ডেঙ্গু রোগের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় চিকিৎসকদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে মাগুরায় ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (বিএসএম) আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, এমপি। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরার সভাপতি অধ্যাপক ডা. আলীমুজ্জামান, মাগুরা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আ.ত.ম. আব্দুল্লাহেল কাফি এবং মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসীন উদ্দীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটি অব মেডিসিন, মাগুরার সেক্রেটারি ও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী। ডেঙ্গু চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিসিন) দীপাঞ্জন সাহা। কর্মশালায় সভাপতিত্ব করেন সোসাইটি অব মেডিসিন, মাগুরার সভাপতি ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. দেবাশিস বিশ্বাস। প্রশিক্ষণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ, চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চিকিৎসকদের প্রস্তুত রাখা এবং আক্রান্ত রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও
X