
রাতে আরাম করে নেটফ্লিক্সে প্রিয় সিরিজ চালিয়েছেন। পর্দায় জমে উঠেছে গল্প, কিন্তু হঠাৎ খেয়াল করলেন—নায়ক-নায়িকার সংলাপ যেন কেমন দূর থেকে ভেসে আসছে। দৃশ্য ঠিকঠাক দেখা গেলেও কথা বুঝতে বারবার ভলিউম বাড়াতে হচ্ছে। স্বাভাবিকভাবেই মনে হতে পারে, টিভির স্পিকার হয়তো নষ্ট হয়ে গেছে। তবে অনেক সময় সমস্যাটি টিভিতে নয়, লুকিয়ে থাকে নেটফ্লিক্সের অডিও সেটিংসেই।
নেটফ্লিক্সে সংলাপ অস্পষ্ট বা তুলনামূলক কম শোনার সমস্যায় অনেক ব্যবহারকারীই পড়তে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্স যে ধরনের অডিও সিগন্যাল পাঠাচ্ছে এবং ব্যবহারকারীর টিভি বা স্পিকার সেটি যেভাবে চালাতে পারছে—এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে এমন সমস্যা দেখা দিতে পারে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একই টিভিতে একটি সিনেমার সংলাপ খুব পরিষ্কার শোনা গেলেও পরের সিনেমায় তা তুলনামূলক চাপা মনে হতে পারে। এর পেছনে সবসময় যন্ত্রের ত্রুটি দায়ী নয়। অনেক ক্ষেত্রে নেটফ্লিক্স স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের সারাউন্ড অডিও নির্বাচন করার কারণেও এমনটা হতে পারে।
নেটফ্লিক্স সাধারণত ব্যবহারকারীর ডিভাইসের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ মানের অডিও স্ট্রিম পাঠায়। টিভি বা সেটআপ সারাউন্ড সাউন্ড সমর্থন করে মনে হলে সাধারণ স্টেরিওর বদলে ৫.১ বা ডলবি এটমস অডিও চালু হতে পারে। কিন্তু অনেক স্মার্ট টিভিতে সারাউন্ড সাউন্ডের সমর্থন থাকলেও বিল্ট-ইন স্পিকার মূলত দুটি স্পিকারেই সীমাবদ্ধ।
ফলে সারাউন্ড অডিওকে দুটি স্পিকারের মাধ্যমে চালানোর সময় কণ্ঠস্বর তুলনামূলক নিচু বা চাপা শোনাতে পারে।
সমস্যার সম্ভাব্য কারণগুলো হলো—
নেটফ্লিক্সের সারাউন্ড অডিও ও টিভির স্পিকারের মধ্যে অসামঞ্জস্য,
৫.১ বা ডলবি এটমস ট্র্যাক সঠিকভাবে প্রসেস না হওয়া,
ঢিলেঢালা বা ক্ষতিগ্রস্ত এইচডিএমআই কেবল,
টিভি বা স্ট্রিমিং ডিভাইসের পুরোনো ফার্মওয়্যার,
সাউন্ডবার বা বাহ্যিক অডিও সিস্টেমের ভুল কনফিগারেশন,
তবে নতুন সাউন্ডবার বা স্পিকার কেনার আগে ছোট একটি সেটিং পরিবর্তন করেই সমস্যার সমাধান চেষ্টা করা যায়।
যেভাবে ঠিক করবেন:
অডিও ট্র্যাক পরিবর্তন করুন : নেটফ্লিক্সে ভিডিও চালু করে ‘অডিও অ্যান্ড সাবটাইটেলস’ অপশনে যান। ‘ইংরেজি [অরিজিনাল] ৫.১’-এর বদলে ‘ইংরেজি [অরিজিনাল]’ নির্বাচন করুন।
টিভির বিল্ট-ইন স্পিকার হলে: এই ছোট সেটিং পরিবর্তনেই অনেক সময় চাপা বা অস্পষ্ট সংলাপ পরিষ্কার শোনা যায়। নেটফ্লিক্স সাধারণত এই পছন্দ মনে রাখে।
এইচডিএমআই কেবল পরীক্ষা করুন: সাউন্ডবার বা অন্য বাহ্যিক অডিও সিস্টেম ব্যবহার করলে ঢিলেঢালা বা ক্ষতিগ্রস্ত কেবল অডিওতে সমস্যা করতে পারে। প্রয়োজনে অন্য কেবল দিয়ে দেখুন।
বাহ্যিক সাউন্ড সিস্টেম বাদ দিয়ে দেখুন: কিছু সময়ের জন্য সাউন্ডবার বা অন্য অডিও ডিভাইস খুলে সরাসরি টিভির স্পিকারে ভিডিও চালান। এতে সমস্যাটি কোথায় বোঝা সহজ হবে।
সফটওয়্যার আপডেট করুন: টিভি বা স্ট্রিমিং ডিভাইসের পুরোনো ফার্মওয়্যারের কারণেও অডিওতে সমস্যা হতে পারে। তাই নতুন কোনো আপডেট এসেছে কি না দেখে নিন। আরও ভালো অডিও মান নিশ্চিত করতে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট পেজে গিয়ে ‘এডিট সেটিংস’ থেকে ‘প্লেব্যাক সেটিংস’-এ ঢুকে প্রতি স্ক্রিনে ডেটা ব্যবহারের মাত্রা ‘হাই’ করা যায়। এতে নেটফ্লিক্স সর্বোচ্চ অডিও বিটরেটে স্ট্রিম করার সুযোগ পায়।
তবে উচ্চমানের স্প্যাটিয়াল অডিও ও ডলবি এটমস উপভোগ করতে নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন। তাই সংলাপ চাপা শোনালেই টিভি নষ্ট ভেবে বসবেন না আগে এক মিনিট সময় নিয়ে অডিও সেটিংসটা দেখে নিন।




