নকশার ব্যত্যয় ঘটালে নির্মাণাধীন ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাসহ পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কোনো আইনি বাধা নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক রায়ে গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের জারিকৃত রাজউকের নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশটি স্থগিত করা হয়েছে।
এর ফলে রাজউক অনুমোদিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন স্থাপনাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আর কোনো আইনি বাধা রইলো না।
রাজউক জানিয়েছে, ২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার কর্তৃক এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজউক কর্তৃক নিয়ন্ত্রিত এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
পরে ২০২৫ সালের ৭ ডিসেম্বর রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কর্তৃক রিট পিটিশন নম্বর ২১১৭১/২০২৫ দায়ের করা হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ১৭ ডিসেম্বর একটি রুল নিশি জারি করেন। একইসঙ্গে অন্তবর্তী নিষেধাজ্ঞার আদেশ দেওয়ার মাধ্যমে রাজউকসহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজউক নিয়ন্ত্রিত এলাকার নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকার নির্দেশনা দেন।
এ অবস্থায় হাইকোর্ট বিভাগের আদেশকে চ্যালেঞ্জ করে রাজউক কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪১৮/২০২৬ দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত মঙ্গলবার এই আদেশের মাধ্যমে হাইকোর্ট বিভাগের আদেশটি স্থগিত করেন।
রাজউকের পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত।
মন্তব্য করুন







