জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা আইনে করা মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তাকে জামিন দেন।
ছরওয়ারের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মো. আলমগীর। বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। মো. আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। বিকেলের দিকে শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে ছরওয়ারের জামিনের আদেশ দেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় মামলাটি করেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে ৩ ফেব্রুয়ারি ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এরপর গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিন্টো রোড এলাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাকডের বিষয়ে গ্রেপ্তার ছরওয়ারের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ আছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখিয়েছে ডিএমপি। সে জন্য তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন







