অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে প্রথমবারের মতো এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর আগে সাধারণত বঙ্গভবনের দরবার হলে তা অনুষ্ঠিত হতো।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, শপথের প্রাথমিক যে তারিখ পেয়েছি, সেটা ১৭ ফেব্রুয়ারি। সেদিন সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার শপথের ব্যবস্থা করা হচ্ছে। কে শপথ পড়াবেন, সেটা বলতে পারব না। তথ্য আসলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি। এর পরে যাবে না।
সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। গতকাল শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
বিএনপি ২০৯ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।
এদিকে সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করে তার জায়গায় চুক্তিভিত্তিক নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়াকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।
মন্তব্য করুন








