ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করল বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করেছে। সাধারণত নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশ বা গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ পড়ানো হয়। বাংলাদেশে একজন সংসদ সদস্য বা এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন-ভাতা কেমন? বেতনের বাইরে তারা আর কী কী সুযোগ-সুবিধা পান?
প্রধানমন্ত্রীর বেতন-ভাতা
দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা। প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করে সরকার।
ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হয় না। এছাড়া একজন মন্ত্রী আরও যেসব সুবিধা পান:
দৈনিক ভাতা দুই হাজার টাকা, নিয়ামক ভাতা মাসিক ১০ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি। এ ছাড়ার ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে।
সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবনে থাকলে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সে সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লাখ টাকা এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী।
প্রতিমন্ত্রীর বেতন ভাতা
প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এই আয়ের ওপর কোনো কর নেই। এছাড়া তিনি আরও পাবেন দৈনিক ভাতা দেড় হাজার টাকা, প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা ৭ হাজার ৫০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৭ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবনে থাকলে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরনের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ পাবেন।
এ ছাড়াও উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব ও ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে ১০ম গ্রেডের দুজন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।
উপমন্ত্রীর বেতন-ভাতা
একজন উপমন্ত্রী বেতন পান ৮৬ হাজার ৫০০ টাকা। তাকেও বেতন ভাতার জন্য কোনো কর দিতে হবে না। দৈনিক ভাতা দেড় হাজার টাকা, নিয়ামক ভাতা পাঁচ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৫ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবনে থাকলে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে, সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল পাবেন।
এ ছাড়াও সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন পাবেন।
সংসদ সদস্য বা এমপির বেতন-ভাতা
সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা, নির্বাচনি এলাকার ভাতা প্রতি মাসে ১২ হাজার ৫০০ টাকা, সম্মানী ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা, শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা, মাসিক পরিবহন ভাতা ৭০ হাজার টাকা, নির্বাচনি এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা, প্রতি মাসে লন্ড্রি ভাতা এক হাজার ৫০০ টাকা, মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ছয় হাজার টাকা, দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ এক লাখ ২০ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক পাঁচ লাখ টাকা, বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতি মাসে ৭ হাজার ৮০০ টাকা, সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল আছে।
এছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা আরও কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।
মন্তব্য করুন








