রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তারা কিছু সময় নানা বিষয়ে কথা বলেন। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। পরে তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।
নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন।
শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এরপর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পর্যায়ক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এদিন বেলা সাড়ে ১১টার পর বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের সবাইকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। তার ১৮ মাস পর বাংলাদেশে বিএনপির নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে।
মন্তব্য করুন








