ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। যার ফলে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।
এ ঘটনায় হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
এ বিষয়ে এক ইন্টার্ন চিকিৎসক জানান, রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা কয়েকজন চিকিৎসককে মারধর করেছেন। তাদের হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালের গেটে তালা দিয়ে রাখা হয়েছে, চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত গেট খোলা হবে না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








