বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্দিষ্ট একটি দল ওভার অ্যাম্বিশিয়াস। তারা অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তাদের মাঝে এতোই তাড়না যে— যেকোনোভাবে ক্ষমতায় যেতেই হবে। এই অভিলাষ পূরণে তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম। কয়েকটি জায়গায় সাজাও হয়েছে। ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনাও দেখেছি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর তিনি এসব কথা বলেন। এ সময় সঙ্গে তার সহধর্মিণী সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ ও ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্য সদস্যরাও ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এগুলো আপনারা জানেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই সব ঘটনায় জড়িত। তাদের আটক করা হয়েছে, প্রমাণিত হয়েছে। সাজাও দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমাদের যে গণতান্ত্রিক চর্চা আছে তা সব রাজনৈতিক দলের মেনে চলতে হবে। এই বাংলাদেশের মানুষ আর কোনো দিন অপসংস্কৃতি মেনে নেবে না। বরং প্রত্যাখান করবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘তারা ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চাভিলাষ সেটা বাস্তবায়ন করার জন্য অনৈতিক পন্থা বেছে নিচ্ছে। যা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের মানুষ এদের প্রত্যাখান করেছে, সামনেও করবে।
এদিকে সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও চকরিয়ার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।
মন্তব্য করুন








