বিএনপি হাইকমান্ড শপথগ্রহণের আগেই ক্ষমতাচর্চা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে শাপলা কলি প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় রংপুর নগরীর জুলাই চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, তার নির্বাচনি এলাকা হারাগাছে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে অভিযোগ দেওয়ার পরেও ব্যবস্থা নিচ্ছে না।
আখতার হোসেন বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশেই রংপুর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের পরাজিত এমপি প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মী কর্তৃক এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করছেন।
নিজের গানম্যানের বন্দুক তাক করা নিয়ে তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) ৫টার পর হারাগাছ মডেল কলেজে আমি যখন কাস্টিং ভোটের ফলাফল জানার জন্য গেলাম, আমি সেখান থেকে বের হয়েছি। সেই সময়টায় বিএনপির শত শত সন্ত্রাসী আক্রমণ করতে উদ্যত হয়ে আমাকে তারা জীবননাশের হুমকি দিচ্ছিল। এ অবস্থায় আমাকে রক্ষার তাগিদে গানম্যান বন্ধুক বের করেছিল। তিনি তো কাউকে শুট করেনি, মারেনি। কারও বুকের দিকেও ঠেকাননি। তিনি শুধু বন্দুকটা বের করে উঁচিয়েছেন। কারও দিকে তো তাক করেননি। এটাকে তারা অপরাধ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমাকে যখন মেরে ফেলার জন্য এতগুলো মানুষ উন্মুক্ত, সে সময় আত্মরক্ষার তাগিদে একটা বৈধ অস্ত্র বাহিরে যদি বের করা হয়, সেটা কীভাবে আইনি অপরাধ হয়? যদি এটা আইনি অপরাধ হয়, তাহলে মামলা করুক। আমি মামলা ফেস করার জন্য প্রস্তুত আছি।
আখতার বলেন, এই সময়টা তো আন্দোলন-সংগ্রাম আইনিভাবে বন্ধ আছে। আমাকে বলতে হবে না, আমি ঠেকিয়ে রেখেছি জাস্ট। আমার নেতাকর্মীরা রাজপথে নামার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তাদের রক্ত টগবগ করছে। কিন্তু এই মানুষগুলোকে আমরা শান্ত করে রেখেছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে। কিন্তু তারা তো আইনের প্রতি শ্রদ্ধা রাখেনি।
ডিসি-এসপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, আমি ডিসির সঙ্গে কথা বলতেছি। এসপির সঙ্গে কথা বলতে এসেছি। আমি তাদের সঙ্গে ফোনে কথা বলেছি। তারা অফিসে নাই এখন। এ জন্য আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। অথচ আমি গতকালের প্রাথমিক ঘোষিত ফলাফলে বিজয়ী এমপি অর্থাৎ জনগণের প্রতিনিধি। কিন্তু আমি এতবার এসেছি তাদের সঙ্গে দেখা করতে চাইলাম। কতগুলা ঘণ্টা রংপুরে শহরে এসে অপেক্ষা করলাম। কিন্তু ডিসি-এসপি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন না। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আমরা মামলা করার মাধ্যমে আইনিভাবে শাস্তি নিশ্চিত করব।
মন্তব্য করুন








