ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছের খামার থেকে আবদুল্লাহ হেল ফুয়াদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবদুল্লাহ হেল ফুয়াদ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের ছেলে। ময়মনসিংহ শহরের একটি মাদ্রাসায় পড়ত সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করত আবদুল্লাহ। দুদিন আগে পরিবারের সঙ্গে আন্ধারিয়াপাড়ায় আসে সে। সোমবার বিকেলে পরিবারের সঙ্গে শহরের বাসায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এ দিন সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন পরিবারের লোকজন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মাছের খামারে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। এ সময় জালে উঠে আসে ফুয়াদ। বেলা দেড়টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এশিয়া পোস্টকে বলেন, ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে তলিয়ে মৃত্যু হয়েছে তার। একমাত্র ছেলেকে হারিয়ে শিশুটির পরিবার পাগলপ্রায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন








