নতুন সরকারের শপথ গ্রহণের দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
তবে পতাকা উত্তোলনকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়ে কেউ এসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টানিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ করেন এবং ঘটনাটি নিয়ে তারা আতঙ্কিত বলে জানান।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আজকে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে কার্যক্রম নিষিদ্ধ একটা দল তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাতে এ বিষয়ে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








