রাজবাড়ীতে জাহিদ ফকির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী পৌরশহরের বিনোদপুর এলাকার একটি স্কুল মাঠের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। নিহত জাহিদ বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।
জাহিদের বড় ভাই মামুন ফকির বলেন, সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিলেন। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে যান। সে সময় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরিবারের লোকজন চিৎকার শুনে জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন








