প্রশাসনিক দক্ষতা ও জনসেবার অঙ্গীকারকে পুঁজি করে রাজনীতিতে নেমেই বাজিমাত করেছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী। মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তার স্থান পাওয়ার খবরে জেলায় বইছে আনন্দের বন্যা। কারণ স্বাধীনতার পর এই প্রথমবারের মতো জয়পুরহাট জেলা থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পেলেন।
আব্দুল বারী দীর্ঘ প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকায় তিনি ‘ডিসি বারী’ নামেই পরিচিত।
কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামে জন্ম নেওয়া আব্দুল বারী কর্মজীবনে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সচিব হিসেবে অবসরের পর গত এক বছরে তিনি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
বিএনপি নেতা খুরশিদ আলম চৌধুরী বলেন, প্রশাসনে থাকাকালীন আব্দুল বারী দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ছিলেন। তার সততা ও দক্ষতার কারণেই মানুষ তার ওপর আস্থা রেখেছে।
ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম বলেন, মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা জয়পুরহাট-২ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, আব্দুল বারীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় শুধু জয়পুরহাট নয়, দেশের প্রশাসনিক ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্তব্য করুন








