শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পোলাদেশী গ্রামের কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০) ও একই গ্রামের মিরাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৫৫)। এ সময় ছামিদুল হক (৫০) নামে আরও একজন আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কৃষক ছামিদুল হক তার বোরোর জমিতে সেচ দিতে যান। একপর্যায়ে বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরেক কৃষক আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়া বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ছামিদুল হককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন








