ফরিদপুরের পৌর বাস টার্মিনালে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একটি পরিবহনের টিকিট কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। এতে কাউন্টার ম্যানেজার নাজির বিশ্বাস (৪৫) আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের পৌর বাস টার্মিনালে অবস্থিত বিকাশ পরিবহনের কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, রডসহ দেশীয় অস্ত্র ছিল।
আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি প্রায় তিন বছর ধরে বিকাশ পরিবহনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানের মালিকের মৃত্যুর পর থেকে তিনি সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিদিন এই কাউন্টার থেকে দূরপাল্লার উদ্দেশে প্রায় ১২টি ট্রিপ পরিচালিত হয় বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজির বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। প্রথমে তারা প্রতিটি ট্রিপ থেকে আটটি আসন দিতে বলে এবং প্রতিটি আসনের জন্য ১০০ টাকা করে দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। সর্বশেষ এককালীন দুই লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।
তিনি আরও জানান, ঘটনার দিন সকালে দুর্বৃত্তরা এসে হুমকি দিয়ে যায়— চাঁদার টাকা না দিলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। কিছুক্ষণ পর তারা এসে হামলা চালায়। একপর্যায়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।
নাজির বিশ্বাস দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় মিলন, সবুজ ও প্রিন্স নামে তিনজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক ও সহকর্মীরা।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন








