আগামীকাল বৃহস্পতিবার দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান। এ সময় অন্যান্য পণ্যের মতো লেবুর চাহিদাও বেড়ে যায়। তবে রমজান শুরুর আগেই সিরাজগঞ্জে লেবুর দাম দুই সপ্তাহের ব্যবধানে প্রায় চার গুণ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সামনে আরও বাড়তে পারে এ পণ্যের দাম।
সিরাজগঞ্জের বিভিন্ন বাজার ও বাসাবাড়ির অলিগলিতে ভ্যানে এখন ৬০ থেকে ৭০ টাকার নিচে ছোট এক হালি লেবু পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় সাইজের লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কোথাও কোথাও বড় সাইজের এক হালি লেবুর দাম চাওয়া হচ্ছে ১২০ টাকা, যদিও দরদাম করে ক্রেতারা ১০০ টাকায় কিনতে পারছেন।
কাঁচাপণ্য আড়তদাররা জানান, মাত্র দুই সপ্তাহ আগে বাজারে লেবুর হালি ছিল ২০ থেকে ৩০ টাকা। গত শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৫০ থেকে ৬০ টাকায়। বর্তমানে লেবুর হালি সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, সিরাজগঞ্জের কালীবাড়ি বাজারে প্রতি পিস লেবুর দাম চাওয়া হচ্ছে ৩০ টাকা। বিক্রেতা রশিদ মিয়া এক ক্রেতার কাছে দুটি লেবু ৫০ টাকায় বিক্রি করেন দরদামের পর। তিনি বলেন, ‘কিছুদিন আগেও যে দামে এক ডজন লেবু পাওয়া যেত, এখন সেই দামে এক হালির বেশি মিলছে না। পাইকারি বাজারে লেবু কম পাওয়া যাচ্ছে। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি।’
বিক্রেতারা বলছেন, দুই সপ্তাহ ধরেই লেবুর দাম চড়া। রমজানে বাড়তি চাহিদার কারণে এর প্রভাব পড়েছে বাজারে। রমজানে ইফতারে লেবুর শরবত ধনী-গরিব সবার কাছেই জনপ্রিয় পানীয়। তবে রোজার আগের দিনেই এমন চড়া দাম নিম্নআয়ের মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করছেন ক্রেতারা।
ক্রেতা খাদিজা বলেন, ‘এক হালি লেবুর জন্য ৮০ টাকা পর্যন্ত বলেছি, তবুও দেয়নি। তাই কিনতে পারিনি। ভাবছিলাম রোজার আগে কিনে রাখব। মনে হচ্ছে কয়েকদিন পর দাম আরও বাড়বে।’
তবে বাজারে লেবুর সরবরাহে বড় ধরনের সংকট দেখা যায়নি। বেশিরভাগ দোকানেই বিভিন্ন ধরনের লেবু পাওয়া যাচ্ছে। ছোট পাতি লেবুর হালি ৬০ টাকা, আর বড় লম্বাকৃতির লেবুর দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।
একজন সবজি বিক্রেতা জানান, অনেক চাষি রমজানে ভালো দাম পাওয়ার আশায় এখনো লেবু বাজারে ছাড়ছেন না। ফলে পাইকারি ব্যবসায়ীরাও লেবু সংরক্ষণ করতে পারেন, কারণ এ পণ্য কিছুদিন সহজেই রাখা যায়। তার ভাষায়, রমজানে লেবুর দাম আরও বাড়তে পারে। মনে হচ্ছে এবার রমজানের শুরুতেই লেবুর দামে রেকর্ড হতে পারে।
মন্তব্য করুন








