কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উজ্জল হোসেন (৩০) নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজার এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উজ্জল হোসেন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিসাকুন্ডি বাজারে আসাদুল হকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন উজ্জল হোসেন। মঙ্গলবার বিকেলে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক আসাদুল হক তালাবদ্ধ ঘর খুলে উজ্জলের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ কক্ষে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে রাখা হয়।
বাড়ির মালিক আসাদুল হক জানান, সাত মাস আগে উজ্জল তার বাসা ভাড়া নেন। এ মাসেও ১০ তারিখ রাতে উজ্জল তার ছেলেকে ফোন দিয়ে বাসা ভাড়ার টাকা দেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে তালা খুলে মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘খলিসাকুন্ডি বাজার এলাকার একটি কক্ষ থেকে উজ্জল হোসেন নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন








