বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ ঘরে আনেছা বিবি নামে এক বৃদ্ধার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনেছা ওই গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আনেছা বিবির দুই ছেলে। বড় ছেলে অনেক দিন আগেই মারা গেছেন। ছোট ছেলে মজাদ হোসেন বিজিবিতে কর্মরত। গ্রামের বাড়িতে আনেছা একাই বাস করেন। প্রতিবেশী মিজানুর রহমান এই বৃদ্ধার দেখাশোনা করতেন।
আজ দুপুরে খোঁজখবর নিতে এসে আনেছার গলায় গামছা পেঁচানো মরদেহ দেখতে পান মিজানুর রহমান। তিনি জানান, বিকেলে বাড়িতে তার খোঁজ নেওয়ার জন্য আসি। এসে দেখি দরজা খোলা। ভিতরে গিয়ে দেখি ঘরে মরদেহ পড়ে আছে। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন








