নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের প্রয়োজনীয় সেবা না দিয়ে ডিউটির সময় গান শোনার অভিযোগ উঠেছে কর্মরত নার্সদের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মঘণ্টার মধ্যেই প্রধান সহকারী (বড় বাবু) গণেশ চন্দ্র মন্ডল গান গাইছেন। গানের সময় উপস্থিত কয়েকজন কর্মরত নার্স তাল দিচ্ছেন। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে রোগী ও রোগীর স্বজনরা চিকিৎসাসেবা প্রত্যাশায় অপেক্ষা করছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মীরা গানে মনোযোগী থাকায় সেবাদানে অবহেলা হয়েছে বলে অভিযোগ ওঠে। এতে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ-অসন্তোষের সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোগীর স্বজন বলেন, ‘হাসপাতালে এসে চিকিৎসা পাওয়ার কথা। কিন্তু ডিউটির সময় যদি এমন দৃশ্য দেখতে হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। সরকারি হাসপাতালে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ বিষয়ে প্রধান সহকারী গণেশ চন্দ্র মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোয়াইবুর রহমান বলেন, ‘ডিউটির সময় এ ধরনের কর্মকাণ্ড অপরাধের শামিল। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।’
মন্তব্য করুন








