
রংপুরের কাউনিয়ায় মাদক সেবন করে এলাকায় শান্তি শৃংখলা বিনষ্ট করার অপরাধে দুই যুবক প্রত্যেককে ২০ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাজাপ্রাপ্ত দুই যুবককেই রংপুর কারাগারে সোপর্দ করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের শফিকুল ইসলামের ছেলে অন্তর বাবু (২১) ও একই এলাকারা মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (২০)।
এরআগে আজ মঙ্গলবার সকালে উপজেলা হরিশ্বর গ্রামে প্রকাশ্যে মাদক সেবনে নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেজ অংকন পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটক নেশাগ্রস্ত দুই যুবক আদালতে তারা অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক দুই যুবককে প্রত্যেককে ২০ দিনের করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অংকন পাল বলেন, এলাকায় অপরাধ দমনে মাদক সেবনকারীদের ভ্রাম্যমান আদালতের শাস্তি প্রদান করা হবে।
কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




