
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ সিদ্দিকী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় লোহাগড়া প্রেস ক্লাবের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, জহির ঠাকুর, শিমুল হাসান,
রেজাউল করিম, সৈয়দ খায়রুল আলম, ওবায়দুর রহমান, কাজী ইমরানসহ প্রমূখ।
স্মরণ সভায় লোহাগড়া প্রেস ক্লাবের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লোহাগড়া বাজার জামে মসজিদের ঈমাম বাকী বিল্লাহ দোয়া মাহফিল পরিচালনা করেন।
এখানে উল্লেখ যে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক কাজী আশরাফ সিদ্দিকী ও তার সহকারী অনিক মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় দোলা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে সাংবাদিক আশরাফ গুরুতর আহত হয়।
স্হানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটাপন্ন সাংবাদিক আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মঙ্গলবার সকালে লক্ষ্মীপাশা আল মারকাজুল মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।




