
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথায় সুরভী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। নিহত তিনজনই এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আটিপাড়া গ্রামের মো. কবির হোসেনের ছেলে মো. সৌরভ, একই গ্রামের মো. রিপন হাওলাদারের ছেলে মো. তাওহীদ এবং ধামসর গ্রামের মো. সবুজের ছেলে মো. মোস্তাকিন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে জয়শ্রী এলাকা থেকে ইচলাদীর দিকে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে যায় এবং বাসটি সেটি প্রায় ৫০০ গজ দূরে টেনে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উজিরপুর মডেল থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




