
নওগাঁর বদলগাছীতে থামছে না মাদক ব্যবসা। মাদকের সহজলভ্যতায় ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জসহ সর্বত্রই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মরণনেশা মাদক। মাদক সহজলভ্য হওয়ায় যুব সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ অধিক হারে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। এতে তারা অজান্তেই ধ্বংসের পথে ধাবিত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কতিপয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ধামইরহাট উপজেলার পাগলা দেওয়ান, ফার্সিপাড়া এবং সাপাহার উপজেলার বস্তাবর, শিমলতলীসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে হেরোইন, ফেনসিডিল, গাঁজা, প্যাথেডিনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মহাজনদের কাছে পৌঁছে দেন। পরে বদলগাছী উপজেলার জাবারীপুর-গোবরচাঁপাহাট হয়ে এসব মাদক বদলগাছীতে এনে বিভিন্ন স্থানে মজুত করা হয়।
পরে পাহাড়পুর, মিঠাপুর, সাগরপুর, ভান্ডারপুর, কোলা, দ্বীপগঞ্জ, বালুভরা, কোমারপুর, পারসোমবাড়ীহাট ও বদলগাছী সদরসহ বিভিন্ন গ্রামগঞ্জে খুচরা মাদক বিক্রেতাদের কাছে তা সরবরাহ করা হয়। খুচরা বিক্রেতারা হাট-বাজার ও গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে যুব সমাজসহ বিভিন্ন বয়সী মানুষের কাছে এসব মাদক বিক্রি করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঝাড়ঘরিয়া গ্রামের এক ব্যক্তি জানান, ওই গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছেন। এছাড়া বিষ্ণুপুর দেওয়ানপাড়া গ্রামের কতিপয় ব্যক্তিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বদলগাছী থানা পুলিশ বিভিন্ন সময়ে কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের তিন থেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে কারাভোগের পর মুক্তি পেয়ে তারা পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে বলেও অভিযোগ রয়েছে। উপজেলার সচেতন মহল জানায়, থানা পুলিশ মাঝে মধ্যে খুচরা মাদক বিক্রেতাদের আটক করে নিয়মিত মামলা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করলেও বড় মাদক ব্যবসায়ীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।
ফলে মাদকের মরণছোবলে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে উপজেলার অভিভাবকেরা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বলে তাদের বক্তব্যে জানা গেছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অনেক মাদক বিক্রেতাকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।




