
মানিকগঞ্জের শিবালয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আরিচা ঘাটে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি আরিচা ঘাটের বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির।
এ সময় শিবালয় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি ও উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।




